২৫ জানুয়ারি ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আরশ আলী ফকির (৩০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। নিহত আরশ আলী ফকির ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, নিহত ব্যক্তি ডাকাতি মামলার আসামি। রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় সে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ট্রান্সফরমার চুরি করতে যায় একদল চোর। একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয় আরশ আলী (ফকির)। সে সময় খুঁটির ওপর থেকে সে নিচে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা নিচে নামানো ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে আরশ আলীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে চুরির কাজে ব্যবহৃত দড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।