২৩ জানুয়ারি ২০২৩


কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় আটক

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে পরের দিন কুলাউড়া থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। আটকরা হলেন- ত্রিপুরা জেলার কবিল থানার বিনয়নগর গ্রামের ফাকিল হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩০) ও ভালসাড জেলার পালগ্রাম থানার হাকিম খানের ছেলে মো. মাইকেল খান (৩২)।

সোমবার বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চালকবিহীন একটি সিএনজি অটোরিকশা আটক করে জব্দ করা হয়। আটকরা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছিল। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন