২৯ জানুয়ারি ২০১৮


প্রধানমন্ত্রীর জনসভাস্থলের ব্যানার ফেস্টুন অপসারণ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক।। সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাস্থল সরকারি আলিয়া মাদরাসার চারদিকের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। সোমবার বিকেলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, নিরাপত্তা সংস্থার নির্দেশে পুলিশের সহযোগিতায় সমাবেশস্থলের আশপাশের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিন সিলেট সফরকালে মোট ৩৮টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভাস্থলে অস্থায়ীভাবে স্থাপিত ৩৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরে নামফলক উন্মোচন করবেন।

এরপর বিকেল ৩টায় আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

 

আজকের সিলেট/সৈয়দ/ঘ.

শেয়ার করুন