২০ জানুয়ারি ২০২৩
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার সিলামে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৫৫) ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার (৩৮)। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
নিহত অটোরিকশা চালক বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালাতেন।
জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে বটতলা এলাকায় আসা মাত্র বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার বাবা ও এক যাত্রী নিহত হন। এসময় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ আরও ৪ জন আহত হন।
মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম বলেন, বটতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এতে নারী ও শিশুসহ ৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।