১৮ জানুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীতে অবৈধ ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে ফের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ট্রাভেল এজেন্সীর বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ৩টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।
বুধবার বিকেলে নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের তত্বাবধানে জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় একই টাওয়ারে অবৈধ ৫টি ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে অভিযান চালায় জেলা প্রশাসন।