৩০ জানুয়ারি ২০১৮


প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : আর কিছুক্ষণ পর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ আগমনকে সফল করতে আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা একসাথে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন সড়কে সাজানো হয়েছে রঙ্গিন পোষ্টার, বিলবোর্ড ও ফেষ্টুন। চারদিক সেজে আছে ব্যানার ফেষ্টুন তোড়নে।

সিলেট আলীয় মাদ্রাসায় আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা সকলেই একসাথে রাস্তায় প্রচারনাপত্রও বিলি করছেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসনও বার বার মতবিনিময় সভার আয়োজন করছে আওয়ামলীগের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষকদের সাথে।

নগরীর বিভিন্ন সড়কের সৌন্দর্য বর্ধনের কাজও করা হয়েছে। সাজানো হয়েছে সড়কের রোড ডিভাইডারগুলোও।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে আইনশৃঙ্গলা বাহিনীর পক্ষ থেকে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহাম্মদ আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি। প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা পুলিশ চেকপোস্ট বসিয়েছি। আমাদের পক্ষ থেকে কোন গাফিলতির সুযোগ নেই।

এদিকে, জনসভা স্থল আলীয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ তৈরীর কাজ চলছে। আগামীকালকে ভিতরে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে জানিয়েছেন সেখানে কর্মরতরা। এদিকে জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে সার্বিকভাবে কাজ করছে নেতাকর্মীরা।

সিলেট সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সফরও শুরু করছেন। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও পরে জনসভার মাধ্যমে তিনি এ নির্বাচনী সফর শুরু করবেন। চলতি বছরের এপ্রিলে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন ও চলতি বছরের সংসদ নির্বাচনের জন্য আগাম প্রচারনা তিনি সিলেট থেকেই শুরু করবেন।

এদিকে, সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮টি প্রকল্পের উদ্বোবন করবেন তার মধ্যে ২০টি প্রকেল্পর উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক রাহত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৫টি প্রকল্পসহ ৩৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এবারের সফরসুচীতে উদ্বোধনী তালিকায় রয়েছে- হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ- সিলেট সড়ক, রশিদপুর- বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, ঢাকা(কাঁচপুর)- ভৈরব-জগদীশপুর- শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিনতলা বিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।

ভিত্তিপ্রস্তর স্থাপন তালিকায় রয়েছে- হজরত শাহজালাল (র:) মহিলা ইবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ভবন নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অভ্যন্তরে নার্সিং হোস্টেল ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনে এসএমপির ব্যারাক নির্মাণ, সিলেট পুলিশ লাইনে অস্ত্রাগার নির্মাণ, এসএমপির কোতোয়ালী মডেল থানার কম্পাউন্ডে ডরমেটোরি ভবন নির্মাণ, তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইনস নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতকরণ, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) ও জেলা পরিবার পরিকল্পনা সিলেটের অফিস ভবন নির্মাণ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগব্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বাড়ইগ্রাম মহাসড়কের ৯.৬০ কিলোমিটার উন্নয়ন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ভবনের ৪র্থতলা হতে ১০তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ।

সফরসুচী অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর মাজার জিয়ারত করবেন। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় একই মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

(আজকের সিলেট/৩০ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন