২ জানুয়ারি ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে চারজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- পিকআপচালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মণ, কনস্টেবল সুজন দাশ ও মাসুম আহমেদ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকাল ১০টার দিকে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী সরকারি কাজে হবিগঞ্জ যাওয়ার জন্য রওয়ানা দেন। পথে ঢাকামুখী একটি মাইক্রোবাস পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় পুলিশের চারজন আহত হন।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির সামনে এসে ধাক্কা দেয়। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন।