২২ ডিসেম্বর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন কংগ্রেসেও ভাষণ দিয়েছেন।
স্থানীয় সময় বুধবার সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন বাইডেন ও জেলেনস্কি।
সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন ততদিন জেলেনস্কিকে সামরিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে।
জেলেনস্কিকে বাইডেন বলেন, আপনি একা নন। আন্তর্জাতিক জোটকে একসঙ্গে রাখার বিষয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত না।
তিনি ইউক্রেনের সহায়তার জন্য দুই বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ নিশ্চিত করেছেন। একইসঙ্গে আরও ৪৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন।
পুতিনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই নিষ্ঠুর যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেনকে মানবিক, আর্থিক ও নিরাপত্তা সহায়তার জন্য ৫০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। অন্য যেকোনো দেশের তুলনায় এটি অনেক বেশি।