২৭ জানুয়ারি ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) এবং একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।
শুক্রবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার এএসআই মো. মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
(আজকের সিলেট/২৭ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)