২৭ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রীসৈয়দা জেবুন্নেছা হক। সৈয়দা জেবুন্নেছা হক এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাত্রলীগের বৃহত্তর সিলেট জেলা শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেসা হক নারী জাগরণে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ২০১২ সালে বেগম রোকেয়া পদক ও ২০২২ সালে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হন।
নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক। একটা সময় নারীরা যখন সিলেটে প্রকাশ্যে রাজপথে মিছিল করতেন না। ঘর-সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন রাজনৈতিক দল ও মহিলা সংগঠনগুলো চলতো পুরুষ রাজনীতিবিদদের পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন দিয়ে। কিন্তু সময়ের ব্যবধানে স্থানীয় রাজনীতির সেই ধারা বদলে দেন এই সৈয়দা জেবুন্নেছা হক।
সিলেটের অধিকাংশ মানুষের কাছে ‘ভাবী’ হিসেবে পরিচিত সৈয়দা জেবুন্নেছা হক বৃহত্তর সিলেটের নারী অধিকারের আন্দোলন ও রাজনীতির এক জীবন্ত-কিংবদন্তি। যার বর্ণাঢ্য জীবন জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি সংগ্রামে। তাঁর কর্মময় জীবন নিয়ে ‘জ্যোতির্ময়ী’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। এছাড়াও সৈয়দা জেবুন্নেছা হক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হয়েছেন।
স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের হাত ধরে রাজনীতিতে নামলেও পরে স্থানীয় রাজনীতিতে নারীদের সংগঠিত করতে সৈয়দা জেবুন্নেছা হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি। পাশাপাশি সক্রিয় থাকেন আওয়ামী লীগের সব কর্মসূচিতে। দলের একনিষ্ট কর্মী হিসেবে দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তিনি দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।