২৪ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের শফিউল আলম চৌধুরী নাদেল।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর আগে, ২০১৯ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেল প্রথম দফায় দায়িত্ব পান।
শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, শফিউল আলম নাদেল রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গনের সাথেও জড়িত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও। এছাড়া সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন নাদেল।