১৭ ডিসেম্বর ২০২২


জকিগঞ্জে কুশিয়ারার ডাইকে ভাঙন, জনমনে আতঙ্ক

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় কুশিয়ারা ডাইকের প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এক ধরনের উৎকন্ঠা নিয়ে কুশিয়ারা ডাইকের ভাঙন কবলিত এলাকার লোকজন বসতবাড়িতে বসবাস করছেন। ভাঙনে রাস্তার পাশে অবস্থিত দোকানপাট ও বেশ কিছু বাড়ি-ঘর ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় ভাঙন তীব্র আকার ধারণ করে প্রাণহানি সহ বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাপুর সুপ্রকান্দি ও গদাধর গ্রামের গুরুত্বপৃর্ণ রাস্তাটি প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে গত এক সপ্তাহ থেকে এ ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ভাঙন ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে। উপজেলার বীরশ্রী ইউনিয়নের কয়েকটি এলাকার জনাসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়কটির বেশকিছু অংশ বড় আকারে ভাঙন হওয়ার কারনে চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন জনসাধারণ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা বলেছেন, দ্রুত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভয়াবহ ভাঙন কবলিত ‍কুশিয়ারা ডাইকের এ স্থানটি স্থায়ীভাবে মেরামত না হলে ভাঙন আরো তীব্র আকার ধারণ করবে। অনেকের বসতবাড়ি থেকে শুরু করে সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিহ্ন হতে পারে।

বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, এই সড়কটি মেরামত করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছি,কিন্তু উনারা আমাকে এই রাস্তায় কবে মেরামত করা হবে এমন কোন আশ্বস্থ করেন নি।

ভাঙ্গন নিয়ে জকিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সেলিম আহমদ বলেন, বর্তমানে চলতি বছরে জকিগঞ্জে ডাইক মেরামত করার জন্য সরকার থেকে আমাদের কাছে কোন বরাদ্দ আসে নি।তিনি আরও বলেন বরাদ্দ আসলেই এই রাস্তাটি মেরামত করা হবে।

শেয়ার করুন