১০ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি : দেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা-ব্রাজিল। কাতার বিশ্বকাপে ৩২ দল অংশ নিলেও ফুটবলপ্রেমীদের কাছে তাদের প্রিয় দল দুটি, ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্ত দুর্ভাগ্য ব্রাজিল এবং ব্রাজিল সমর্থকদের জন্য। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিল বিদায় নিলেও আর্জেন্টাইন সমর্থকদের হতাশ করেননি লিওনেল মেসিরা। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
এবার শিরোপা ছোঁয়ার আকাক্ষা আর্জেন্টাইন সমর্থকদের। আর এই বিজয়ের ধারাবাহিকতায় মৌলভীবাজারের মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।
শুক্রবার দিবাগত মধ্যরাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এর আগে, রাতে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত।
এদিকে, মধ্যরাতে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে লিওনেল মেসির ভক্তরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর।
এসময় প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিছিলে আসা সমর্থকরা।
লিওনেল মেসি দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন জানিয়ে সমর্থক জুবায়ের করিম বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলেই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় পেয়েছে। এবার শিরোপা জয়ের পালা।’
মেসি ভক্ত সৌরভ রায় বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা, এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা।’
ব্রাজিলের বিদায় অবশ্যই দুঃখজনক জানিয়ে আর্জেন্টিনার সমর্থক রায়হান রনি জানান, ‘লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা।’
মিছিলে আসা সমর্থকরা আরও জানান, তারা রাস্তায় নেমেছেন প্রিয় দলের আজকের এই বিজয়কে স্বাগত জানাতে। ব্রাজিল এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এখন একটাই লক্ষ্য আর্জেন্টিনা জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে বিজয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলবে।