৯ ডিসেম্বর ২০২২
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : গেল বছরের শেষের দিকে দেবে যেতে শুরু করেছে সেতুটি। প্রাণহানির আশঙ্কায় সেতুর উভয় পাশে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু বাঁশের বেড়া টপকে পথচারীদের চলাচল বন্ধ হয়নি। আর ফাঁকা সেতুর দুই পাশের ব্যবসা শুরু করেন ভাসমান সবজি ব্যবসায়ীরা। কিন্তু গত সোমবার সকাল থেকে সেতুটি আবার দেবে যেতে শুরু করে। ফলে সুনামগঞ্জের ধর্মপাশা-জয়শ্রী সড়কে উপজেলা সদরের মধ্যবাজারে অবস্থিত শয়তানখালী খালের ওপর সেই সেতুটি প্রশাসন চূড়ান্তভাবে ব্যবহার বন্ধ করে দেয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা।
এলজিইডির অধীনে নির্মিত অর্ধশত বছরের পুরনো শয়তানখালী সেতুটির মাঝের অংশ গেল বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে দেবে যেতে শুরু করে। বতর্মানে সেতুর মাঝের অংশ খানিকটা ফাঁকা হয়ে গেছে। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। পরে এলজিইডি তাদের লোক নিযুক্ত করে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধে বাঁশের বেড়া দিয়ে লাল নিশান টানিয়ে দেয়। গত সোমবার সেতুটি অধিক ঝূঁকিপূর্ণ হয়ে ওঠায় সেতুটি পুরোপুরি বন্ধ করে দিয়ে দুপুর থেকে সেতুর দক্ষিণ পাশ দিয়ে ফেরি চালু করা হয়। পাশাপাশি একটি বাঁশের সাঁকোও নির্মাণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুটি পুরোপুরি বন্ধ করে দিয়ে ফেরি চালু করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আগামী রবিবারের মধ্যে দেবে যাওয়া সেতুর টেন্ডার হবে। দুই-এক দিনের মধ্যে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।