১৭ নভেম্বর ২০২২


দোয়ারাবাজারে বাল্য বিয়ের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাল্যবিয়ের অপরাধের দায়ে মেয়ের মাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের এক ছেলের সাথে বৃহস্পতিবার বিবাহের দিন ধার্য্য ছিল। গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে দোয়ারাবাজার থানার একদল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বিয়ের আয়োজন ভেঙ্গে দেয়া হয়।

এ সময় বিভিন্ন তথ্যাদি যাচাই-বাছাই করে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত মেয়ের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন – ২০১৭ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসার সাহস পায়নি।

দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা প্রবাসে থাকায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়ের মাকে অর্থদণ্ড প্রদান করা হয়। কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের মা অঙ্গীকার করেছে।

শেয়ার করুন