১৫ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের দু’দিনের ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টির আশঙ্কায় পুলিশ প্রশাসন ১৯ নভেম্বরের পরে ইজতেমার নতুন তারিখ নির্ধারণের পরামর্শ দিয়েছে আয়োজকদের।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯ নভেম্বর। আমাদের কাছে খবর রয়েছে, ইজতেমা ঘিরে কোনো কুচক্রি মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এ অবস্থায় ইজতেমার জন্য ১৯ নভেম্বরের পর নতুন তারিখ নির্ধারণের জন্য আয়োজকদের বলা হয়েছে।
তবে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ বলেছেন, সংগঠনের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ আহ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পুর্তি উপলক্ষে ১৭ ও ১৮ নভেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকে দু’দিনব্যাপী িইজতেমার আয়োজন করা হয়েছে। গত ১২ নভেম্বর সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছিলেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।