১৫ নভেম্বর ২০২২
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনগাঁথা ছড়িয়ে দিতে ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে। গত ১২ নভেম্বর থেকে সেখানে রেল জাদুঘরটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এরই মধ্যে রেল জাদুঘরটি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন দর্শনার্থীরা এটি দেখতে ছুটে যাচ্ছেন শ্রীমঙ্গল রেল স্টেশনে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এখানে প্রদর্শীত হবে রেল জাদুঘরটি।
শ্রীমঙ্গল রেল স্টেশনে রাখা মুক্তিযুদ্ধের কারুকাজ সম্বলিত রেলের বগিটি দূর থেকেই নজর কাড়ে। বগিটির দুইপাশে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযোদ্ধের বিজয় পর্যন্ত নানা দিক চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
রেল জাদুঘরটি দেখতে আসা দর্শনার্থীরা জানান, শীততাপ নিয়ন্ত্রিত রেলের বগির ভেতরে ১২টি গ্যালারির মাধ্যমে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, স্বাধীনতার ঘোষণা, মুজিব নগর সরকার, মুক্তিযুদ্ধ ও ১৬ ডিসেম্বর মহান বিজয়ের নানা ইতিহাস।
জাদুঘরে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির ছবি, ব্যবহৃত চশমা, দলের প্রতীক নৌকা, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রিয় তামাক পাইপ ও মুজিব কোট।
এছাড়াও মুজিব শতবর্ষের লোগো, বঙ্গবন্ধুর লেখা বই, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, পাকিস্তানিদের আত্মসমর্পণ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর সমাধি সৌধের রেপ্লিকাও রয়েছে। ছবির পাশাপাশি ভিডিও চিত্রেও প্রদর্শীত হচ্ছে নানা বিষয়। অডিও সিস্টেমে সস্প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।
গত ১২ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বিনা টিকিটে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জাদুঘরটি। প্রতিদিন শ্রীমঙ্গল রেল স্টেশনে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা জাদুঘরটি দেখতে ছুটে যাচ্ছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ রেলওয়ে ঘিরে বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নানা উপকরণ নিয়ে এই রেল জাদুঘর গড়ে তোলা হয়েছে। জিআরপি পুলিশের নিরাপত্তায় রেল জাদুঘরটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল রেল ষ্টেশনে অবস্থান করবে।
জাদুঘরটি শিক্ষার্থী ও সর্বসাধারনের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সর্বস্তরের মানুষের মধ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনগাঁথা ছড়িয়ে দিতে গত ২৭ এপ্রিল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই ভ্রাম্যমাণ রেল জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।