১৪ নভেম্বর ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গুপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, একই ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. শাহিন মিয়া ও সহসভাপতি আব্দুল হামিদ।
সোমবার ভোররাতে বিএনপি নেতাদেরকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিকে গউছ বলেন, ‘আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তর হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা মানুষের কাছে কাছে পৌঁছাচ্ছি। এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই পুলিশ আমাদের ৩ নেতাকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।’
হবিগঞ্জ মডেল থানার ওসি গোলাম মর্তুজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।