২১ মে ২০২১


সিলেট-৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শুন্য ঘোষিত সিলেট-৩ আসনে উপ-নির্বাচন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে। দিন যতোই ঘনিয়ে আসছে,প্রার্থীদের তৎপরতা ততোই বৃদ্ধিপাচ্ছে। বিশেষ করে শুন্য ঘোষণার আগে ও পরে প্রবাস থেকে ঝাঁকে ঝাঁকে আসছেন প্রার্থীরা। চালাচ্ছেন প্রচার-প্রচারণা। কেউ আবার প্রবাসে থেকেও জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার। তবে, মাঠে যারা রয়েছেন, তাদের অনেকেই প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন।

শিল্পাঞ্চল হিসেবে সিলেট ৩ আসন সমাদৃত। গুরুত্বপূর্ণ এই আসন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত। এই আসনে টানা ৩য় বারের মতো সংসদ সদস্য হিসেবে ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তিনি মৃত্যুবরণ করেন ১১ মার্চ। তার মৃত্যুর পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এখন জুলাইয়ের মধ্যে দেশে শুন্য আসনগুলোতে নির্বাচন করতে চায় ইসি। ১৯ মে বুধবার বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্বান্ত গৃহিত হয়। এরই অংশ হিসেবে শুন্য আসনগুলোতে তফসিল ঘোষণা করা হবে ২৪ মে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনটি সিলেট নগরের কাছাকাছি এলাকায় গুরুত্ব অনেক বেশি। এ ছাড়া শিল্পনগরী ফেঞ্চুগঞ্জও রয়েছে এ আসনে। ফলে গুরুত্বপূর্ণ এ আসনে দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। করোনাকালে মানবসেবার কারণে তিনি বিশেষ করে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। এ কারণে তার মৃত্যুতে অপার শূন্যতা নেমে এসেছে এই আসনে।

শুন্যতা পূরণে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের একাংশ চাইছে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার থেকে কাউকে প্রার্থী করতে। কারণ- পরিবারের কেউ প্রার্থী হলে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। এজন্য প্রথমেই তাদের পছন্দের তালিকায় রয়েছেন প্রয়াত এমপি’র স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। তাকে প্রার্থী করলে আওয়ামী লীগের অনেকেই তাকে এ আসন ছাড় দিতেও প্রস্তুত বলে নেতাকর্মীরা জানিয়েছেন। তবে, প্রার্থী বিষয়ে নিজের আগ্রহের বিষয়টিও গণমাধ্যমকে জানিয়েছেন ফারজানা সামাদ।

তবে ক্রমেই দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের তালিকা। সিলেট, লন্ডন ও স্থানীয় আওয়ামী লীগের প্রায় এক ডজন নেতা ইতিমধ্যে এ আসনে প্রার্থী হতে প্রস্তুতি শুরু করেছেন। তালিকায় শীর্ষে রয়েছেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও সিলেটের পরিচিত মুখ ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ। এ ছাড়া প্রার্থী হতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন স্যার এনামুল ইসলাম ও দেশে আসার কথা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতা দেওয়ান গৌছ সুলতান।

সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নামও শোনা যাচ্ছে দলীয় নেতাদের মুখে মুখে। তবে তালিকা দীর্ঘ থাকায় দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এখনও আভাস পাওয়া যায়নি।

শেয়ার করুন