২৫ অক্টোবর ২০২২


সবজি বাজারে আকাশছোঁয়া দাম

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হাট-বাজারগুলোতে কাচা তরিতরকারির দাম দিন দিন বাড়ছেই। লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সবজি, চাল, ডাল, ব্রয়লার মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। এতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজির দাম। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও স্থানীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। কোনো কোনো সবজি দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে।

জেলা শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, শায়েস্তানগর বাজার ও পৌরবাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোট আকারের লাউ এক সপ্তাহ আগে ৩০-৩৫ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। এছাড়া ৬০-৮০ টাকার টমেটো ১২০-১৩০ টাকা, ৮০ টাকার শিম ১২০-১৩০ টাকা, ৪৫ টাকার বেগুন ৬০ টাকা, ৪০ টাকার ঢ্যাঁড়শ ৫০-৬০ টাকা, ৪০ টাকার পটল ৫০ টাকা, ৫০ টাকার গাজর ১২০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, ২৬ টাকার আলু ৩০ টাকা, ৪০ টাকার চিচিঙ্গা ৫০ টাকা, ৪০-৪৫ টাকার বাঁধাকপি ৫০-৫৫ টাকা, ৪৫ টাকার শসা ৫৫-৬০ টাকা, ৫০ টাকার কাঁচা মরিচ ৮০ টাকা, ৩০ টাকার মুলা ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে কচুর মুখি ৪০ কেজি বিক্রি হলেও এখন তার দাম বেড়ে হয়েছে ৫০-৫৫ টাকা। ঝিঙের দামও বেড়েছে। আগে ৫০ টাকা কেজি ঝিঙে বিক্রি হলেও এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজনগর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী বলেন, গত সপ্তাহে টমেটো কিনেছি ৮০ টাকা কেজি। শনি-রবিবার কিনলাম ১২০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা দাম বেড়েছে। এখন কাচা তরিতরকারি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সবজি বিক্রেতা হোসেন আলী বলেন, স্থানীয় বাজারগুলো থেকে পাইকারিভাবে কম সবজি সরবরাহ কম হচ্ছে। যা আসছে তা দিয়ে হবিগঞ্জের চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

বাজারে আসা ক্রেতা হাফেজ আব্দুর রহমান জানান, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় ভোজ্য পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার ওপর শাক-সবজির মূল্য আকাশ ছোঁয়া। এ ছাড়া গরু-খাসির গোশতের দাম গগণচুম্বী।

শেয়ার করুন