২৪ অক্টোবর ২০২২


গোয়াইনঘাটের বহিস্কার হচ্ছেন আ.লীগের ৬ বিদ্রোহী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গোয়াইনঘাটের ৫ আওয়ামী লীগ নেতার বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।

রোববার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বরাবরে প্রেরিত পৃথক দুটি পত্রের মাধ্যমে বহিস্কারের এই সুপারিশ করেন।

বহিস্কারের সুপারিশ করা নেতারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি শামীম আল মামুন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য ও পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান শিকদার ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমদ।

এদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতির সুপারিশ এবং বাকিদের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরাসরি বহিস্কারের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গোলাম রব্বানী সুমন ও কামাল আহমদ গোয়াইনঘাট সদর ইউনিয়ন, লোকমান শিকদার মধ্য জাফলং ইউনিয়ন, মামুন পারভেজ পশ্চিম জাফলং ইউনিয়ন এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও শামীম আল মামুন পূর্ব জাফলং ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন।

শেয়ার করুন