২২ অক্টোবর ২০২২
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বেইলি সেতু ভেঙে আটকে গেছে বালুবোঝাই ট্রাক। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার সকালে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে বালুবোঝাই ট্রাকটি বেইলি সেতু অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে সেতুটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় স্মরণরায় খালের ওপর পুরোনো সেতু ভেঙে সেখানে প্রায় ৩৮ মিটার দীর্ঘ একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড নামের নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। এ জন্য সম্প্রতি পুরোনো সেতুর পাশে একটি বিকল্প বেইলি সেতু নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই সেতু ভেঙে গেছে।
সরেজমিন দেখা যায়, সেতুর মাঝখানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে আছে। সেতুতে মোট ২৮টি পাটাতন বসানো। রড দিয়ে একটির সঙ্গে আরেকটি হালকা ঝালাই দেওয়া। বেশির ভাগের ঝালাই ছুটে গেছে। সেতু ভেঙে পড়ায় লোকজন একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন। তবে দুর্ঘটনা ঠেকাতে স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে পথচারীদের চলাচলে সহযোগিতা করছেন।
সওজ অধিদফতরের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার মোবাইলে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে সেতুটি মেরামত করা হবে। তবে এ কাজে সময় লাগবে।