১৬ অক্টোবর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : সদ্য পদত্যাগ করা ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। রাজনৈতিক চাপ আর অর্থনৈতিক ধসের মুখে শুক্রবার পদত্যাগ করেন কোয়ার্টেং। ওইদিনই দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে মনোয়নন পান হান্ট। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
১৯৭০ সালের পর যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কোয়ার্টেং। মাত্র ছয় সপ্তাহের কম সময় দায়িত্ব পালন করতে পেরেছেন। ১৯৭০ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইয়ান ম্যাকলিয়ড মাত্র ৩০ দিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান।
ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম স্বাস্থ্য সচিব এবং পররাষ্ট্র দপ্তর ও সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর পর অর্থমন্ত্রী হন হান্ট। তার আগে তিনি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় দুবার ব্যর্থ হন।
২০১৯ সালে বরিস জনসনের কাছে হেরে যাওয়ার আগে থেরেসা মেকে প্রতিস্থাপন করার জন্য তিনি রান অফে পৌঁছেছিলেন। এমনকি চলতি বছর নেতৃত্বের প্রতিযোগিতায় তুলনামূলক দুর্বল প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং লিজ ট্রাস জয়লাভ করেন।
দুবার ব্যর্থ হওয়ার পর হতাশ হয়ে রাজনীতির শীর্ষে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। চলতি বছরের নির্বাচনে তিনি ট্রাসের প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন।
গত কয়েক মাসের মধ্যে ব্রিটেনের চতুর্থ অর্থমন্ত্রী হয়েছেন হান্ট। তার পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং-এর অর্থনৈতিক পরিকল্পনাগুলি ব্যর্থ হওয়ায় নতুন দায়িত্ব পেয়েছেন তিনি।
রক্ষণশীল আইন প্রণেতা বার্নার্ড জেনকিন হান্টের ব্যাপারে টুইটারে বলেছেন, ‘চ্যান্সেলর হিসেবে জেরেমি হান্টের নিয়োগ একটি বুদ্ধিমান পছন্দ। তিনি পার্লামেন্ট জুড়ে বিশ্বস্ত এবং সম্মানিত। আমাদের এখন শান্ত হতে হবে। প্রধানমন্ত্রীকে বাদ দেওয়ার কথা বা সাধারণ নির্বাচনের আহ্বান, আর্থিক বাজারকে স্থিতিশীল করবে না।’