৬ অক্টোবর ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এখলাছ মিয়া (২৭) এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এখলাছ মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। লাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এখলাছ গত বুধবার তার ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে দেউন্দি চা-বাগানের ১৫ নম্বর সেক্টর লাইনের পাশের একটি ঝোপঝাড় তার হাত লাশ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও জানান, এখলাছ মিয়ার লাশে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। ঘটনাস্থলে তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এনিয়ে পুলিশ তদন্তে নেমেছে।