৪ অক্টোবর ২০২২


ক্লাসরুম মাতাবেন তাহসান-ঐশী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : এবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা। কারণ, জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান খান ও পাওয়ার ভয়েজ ঐশী হাজির হবেন বিশাল ধামাকা নিয়ে। তাদের মনমাতানো সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা।

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র ২১ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তাহসান-ঐশী ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর পরিবেশে কাটাবে ক্লাসরুমের বন্ধুরা।

ক্লাসরুম কতৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতিয়েছিলেন জনপ্রিয় সব গান গেয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূতিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবর। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

ঐশী বলেন, ‘আমি বরাবরই এই ধরনের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

শেয়ার করুন