১১ জানুয়ারি ২০১৮


শাবিতে চারদিনব্যাপি নাট্যোৎসব শুরু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

সি্লেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র আয়োজনে চারদিনব্যাপি ‘নাট্যোৎসব ও পুর্নমিলনী’ অনুষ্ঠান শুরু হয়েছে।

বন্ধনের বিশ, ভালোবাসা অহর্নিশ’ স্লোগানকে সামনে রেখে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ‘নাট্যোৎসব ও পুর্নমিলনী’ আয়োজক কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ রাজু।

বৃহস্পিতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠান চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধন শেষে মক্তমঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। এসময় সংগঠনের বর্তমান ও পুরাতন সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিলেটের বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

রাজু বলেন, অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের প্রযোজনায় পরিবেশিত হবে নাটক ‘হাসন রাজা’। এটি সংগঠনের ৩১তম প্রযোজনা।

এছাড়া ১৩ জানুয়ারি (শনিবার) প্রাঙ্গণেমোর নাট্য দলের পরিবেশনায় নাটক ‘কনডেমড সেল’ ও ১৪ জানুয়ারি (রোববার) ‘মনিপুরি থিয়েটার’ এর পরিবেশনায় ‘ইঙ্গাল আধার পালা’ নাটক মঞ্চায়িত হবে বলে জানান রাজু।

তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকগুলোর মঞ্চায়ন হবে। এর মধ্যে ১২ জানুয়ারি সংগঠনের বর্তমান ও পুরাতন সদস্যদের নিয়ে প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজু ভূইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত থিয়েটার সাস্টের টেন্ট ও শো এর আগে হল কাউন্টার থেকে নাটকের টিকেট সংগ্রহ করা যাবে।

তিনি বলেন, ১৯৯৭ সালে যাত্রা শুরু করা নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এখন পর্যন্ত মঞ্চে ৩০টি নাটক প্রযোজনার পাশাপাশি ১১২ টি নাটকের প্রদর্শনীসহ ১টি যাত্রাপালা ও ৫ টি নাট্যোৎসবের আয়োজন করেছে।

(আজকের সিলেট/প্রতিনিধি/১১ জানুয়ারি/এইচআই/ঘ.)

শেয়ার করুন