২৬ সেপ্টেম্বর ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে নিজ বাড়ির গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে চাঁন মিয়া (৪০) এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘাটেরছটি গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সোমবার সকালে উপজেলার চিকানাগুল ইউনিয়নের ঘাটেরছটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাতে খাবার শেষে নিজ বসতঘরে ঘুমাতে যান চাঁন মিয়া। সকলের অগোচরে রাতের কোনো এক সময়ে বাড়ির সীমানা সংলগ্ন একটি ডালের সাঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখে এবং তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সীমানা সংলগ্ন স্থানে গাছে তার দেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যেমে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।