২৬ সেপ্টেম্বর ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় ফিতা কাটার অপেক্ষায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের নতুন বাসভবন। বহুল প্রতিক্ষিত ২ তলা বিশিষ্ট ডুপ্লেক্স এ ভবনের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। যে জন্য সৌন্দর্য় বৃদ্ধি পেয়েছে গোটা উপজেলা এলাকায়।
সিলেটের অন্যতম একটি উপজেলা হিসেবে পরিচিত গোয়াইনঘাট। বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই প্রকল্পটি।
জানা যায়, গত অর্থ বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সরকার। তারমধ্যে সারা দেশে ৮টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ও ৯টি নির্বাহী কর্মকর্তার বাসভবনের নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কাজও নির্মাণাধীন আছে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন মেসার্স শ্রী ব্রত ভৌমিক ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মুল ভবন এবং সীমানা প্রাচীরসহ গেইট নির্মাণে ১৮ লক্ষ টাকা ধরে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৮০ লক্ষ টাকা। দ্বিতল বিশিষ্ট ডুপ্লেক্স এই ভবনটিতে রয়েছে দ্বিতীয় তলায় তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বেলকনিসহ রুমের সাথে আরও একটি বড় বেলকনি।
সাবমারসিবল মটরসহ ডিপটিউবওয়েল, নিচতলায় একটি অফিস রুম, একটি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, দুইটি বাথরুম একটি কিচেনরুমসহ বাবুর্চি রুমের সাথে এটাস্ট বাথরুম।
তারই প্রেক্ষিতে দিনদিন এই উপজেলার অবকাঠামোগত দিকগুলো উন্নয়নের দিক থেকে বেশ উন্নত হতে চলেছে। একের পর এক শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নসহ গড়ে উঠতে চলেছে নানান সরকারি-বেসকরকারী স্থাপনা। ঠিক এমনি একটি দৃষ্টি নন্দিত স্থাপনা হচ্ছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের নতুন বাসভবন।
এদিকে নানা সমস্যা উত্তোরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনকে আধুনিকায়নের আওতায় নিয়ে আসেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অর্থায়নে নির্মিত হয়েছে নতুন প্রশাসনিক কমপ্লেক্স ভবন।
পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্বলিত প্রশাসনিক কর্মকান্ডকে গতিশীল করতে নতুন সম্প্রসারিত ভবন নির্মিত হওয়ায় উপজেলা পরিষদের কার্যক্রমগুলো একই ছাদের নিচে বসে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছেন।
এছাড়াও রয়েছে জাফলং নদীর উপর দীর্ঘ সেতু,শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত হল রুম নির্মাণ, একাধিক বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন, আশ্রয় কেন্দ্র, অগনিত স্কুল কলেজ এমপি ভুক্তকরণ, বেশকিছু যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ পুনঃ সংস্কার।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় কোভিড-১৯ মোকাবেলায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে ১৭ লক্ষ টাকা ব্যয়ে অক্সিজেন প্লান্ট স্হাপন করা হয়।
আরো জানা যায় উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপজেলা সদরে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট। /যা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্প্রতি নির্মাণ হওয়া উপজেলা মডেল মসজিদ গোয়াইনঘাট উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, উপজেলায় নির্মিত অগণিত দৃষ্টি নন্দন স্থাপনার মধ্যে এটি একটি অন্যতম অত্যাধুনিক দৃষ্টি নন্দন প্রকল্প। যার সম্পূর্ণ কৃতিত্ব ও অর্জন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীঘ্রই আগামী সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দৃষ্টিনন্দন এই ভবনের উদ্বোধন করবেন বলে তিনি জানান।
তিনি আরো জানান, ভবনটি যদিও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভবন। আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তাই আমি মনে করি এই ভবনটি জনগণের ভবন। উপজেলায় বসবাসকারী জনগণরাই এই ভবনের সুফল ভোগ করবে।