২২ সেপ্টেম্বর ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাও গ্রামের ৬ ও ৭ নং ওয়ার্ড মানাউরা ও পশ্চিমপাড়ায় অজানা বন্য প্রাণীর আক্রমণে আতঙ্কিত গ্রামের সাধারণ মানুষ। আহত হয়েছেন ৭ জন। বেশি গুরুতর আহত পশ্চিম পাড়ার আব্দুল হাকিম। ঘটনাটি ঘটেছে গত রাত আনুমানিক ৮ টায়। আহতরা হচ্ছেন, হাকিম,হরজান, নাসির উদ্দিন কালা ও আনসর মিয়াসহ অন্যান্যরা।
সরেজমিন পরিদর্শন গিয়ে গ্রামের মানুষের সাথে কথা বলে জানা যায়, রাত অন্ধকারে গ্রামীন রাস্তায় মানুষ যখন হাঁটাচলা করছে। হঠাৎ পিছন দিক থেকে এসে একটি প্রাণী পায়ে আঁচড় দিয়ে চলে যায়। প্রথম নন্দীরগাঁও মানাউরা থেকে এই বন্য প্রাণীর আক্রমণ শুরু হয়। সেখানে চারজনকে আহত করে নন্দীরগাঁও পশ্চিমপাড়ায় আরো তিনজনকে আহত করে। এই বন্য প্রাণীর আক্রমণে মোট সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা কেউ বলতে পারছেন না কোন ধরনের প্রাণী এসে আক্রমণ করে। বেশিরভাগ মানুষের মতামত মেছোবাঘ ছাড়া আর কিছু নয়। আবার কেউ কেউ বলছেন যখন দেখা যায়নি তখন পরিষ্কার করে বলা যাচ্ছে না কোন জাতীয় প্রাণী। বিষয়টি গ্রামের সবার মধ্যে জানা জানি হওয়ার পর থেকে একজন আরেকজনকে সতর্ক করে দিচ্ছেন। রাতে সতর্ক অবস্থায় চলাফেরার কথা জানানো হচ্ছে। কিছুটা হলে ছোট বড় পুরুষ মহিলা সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আহত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তারা সবাই চিকিৎসা নেওয়ার জন্য কেউ পল্লী চিকিৎসক আবার কেউবা মেডিকেলে চলে গেছেন।
আসলাম উদ্দিন নামে এক ব্যক্তি জানান, আহত আব্দুল হাকিম এর অবস্থা গুরুতর হওয়ায় রাত্রে পার্শ্ববর্তী গ্রামের ডাক্তার আব্দুল মালিকের কাছে নিয়ে গেলে তিনি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেল যাওয়ার পরামর্শ দেন। আজ সকালে চিকিৎসার জন্য আব্দুল হাকিম সহ সবাই যার যার চিকিৎসা নিতে মেডিকেলে চলে গেছে।
৬ নং ওয়ার্ড সদস্য আজির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনার পর থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিতে মেডিকেলে পাঠানো হয়েছে।