১৮ সেপ্টেম্বর ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করে পুকুরপাড়ে দেহ ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত আছিয়া বেগম (৫০) ওই গ্রামের নুর আহমদের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী নুর আহমদকে আটক করেছে।
রোববার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আহমদের সৌদিপ্রবাসী মেয়ে সীমা বেগম প্রতি মাসে তাঁর মায়ের কাছেই টাকা পাঠান। ওই নিয়ে নুর আহমদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো এবং টাকার হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার সকালেও তাদের মধ্যে এ বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায় নুর আহমদ তাঁর স্ত্রী আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলা কেটে দেন। পরে আছিয়া রক্তাক্ত দেহ পুকুরপাড়ে ফেলে রাখেন। প্রতিবেশীরা আছিয়ার দেহ পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।