১২ সেপ্টেম্বর ২০২২
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। এ ঘটনায় মোঃ ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের পুত্র।
সোমবার বিকেলে বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচার’র স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা। পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদি হয়ে দখলধার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আগাত করতে গেলে কোন রকমে আমি তাকে সেইভ করি। না হলে সেখানে বড় ধরণের অঘটন ঘটতে পারত।’ গত ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন ‘এখন টিভি’ ও ‘নিউজবাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং ‘দেশটিভি’র প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।