৬ সেপ্টেম্বর ২০২২


জাফলংয়ে বনবিভাগের ৫ একর ভূমি উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ দখলে থাকা বন বিভাগের ৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মঙ্গলবার দুপুরে টাস্কফোর্সের অভিযান চালিয়ে জাফলং গ্রিনপার্ক সংলগ্ন সোনাটিলা এলাকা থেকে দখলদারদের ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম এবং বন বিভাগের সদস্যরা।

সিলেট জেলার সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী কাজ বন্ধ না করলে পরবর্তী অভিযানে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন