৪ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর এলাকায় যেকোন ধরনের ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করতে প্রস্তুত হচ্ছে সিলেট মেট্টোপলিটন পুলিশ-এসএমপি। এজন্য পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
রোববার সকালেসিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগে আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট ড্রিলের ধাপসমূহের বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়। এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ মহোদয়ের উপস্থিতিতে রায়ট কন্ট্রোল ডিলের মহড়ায় এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের হলরুমে যে কোন রায়টে পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করার ব্যাপারে ব্রিফিং প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি এন্ড মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত) সহ সকল এসএমপি’র বিভিন্ন ইউনিটের অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্সসহ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।