২৭ আগস্ট ২০২২


মৌলভীবাজারে এক রাতে তিন দোকানে চুরি

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে এক রাতে ৩টি মুদি দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় দোকানগুলোতে রক্ষিত নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্র। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার আশরাফুল উলুম মাদরাসার সামনের রুহিন স্টোর, মাদরাসার ক্যান্টিন, চা স্টলসহ মোট ৩টি দোকানের তালা ভেঙে সাটার খুলে চোরচক্র দোকানে প্রবেশ করে। দোকান থেকে চোরচক্র ভোজ্যতেল, চাল, সিগারেট, চিনিসহ বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। একই সময়ে মাদরাসার ক্যান্টিনেও তালা ভেঙে প্রবেশ করে তেল, ভোগ্যপণ্যসহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রুহিন স্টোরের মালিক শিপন আহমেদ বলেন, চোরচক্র বিপুল পরিমাণ ভোজ্যতেল, চাল, চিনি, গ্যাস সিলিন্ডার ও দোকানে রক্ষিত নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে গেছে। শুধু আমার দোকান নয়, আশপাশের আরও দুটি দোনসহ ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট হয়েছে। এ ঘটনায় আমরা যথাযথ আইনি পদক্ষেপ নিবো।

স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কটিতে নিরাপত্তা ঘাটতি রয়েছে। রাত্রিকালীন পুলিশি নজরদারী ও টহল জোরদার হলে চুরি ঠেকানো সম্ভব। এভাবে মধ্যরাতে তালাভেঙ্গে চুরির ঘটনার কোন সুরাহা না হলে আরও ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য ইমরান আহমদ জানান, একসঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে বড় কোন চক্রের পাশাপাশি আমার ধারণা, এলাকার কেউ জড়িত থাকতে পারে। রাতে ওই সড়কে পুলিশিটহল নিয়মিত থাকলে চোরচক্র এতো বড় ঘটনা ঘটানোর সাহস পেতো না।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, অতীতেও বিভিন্ন ঘটনা তদন্ত করে উদঘাটন করতে পেরেছে পুলিশ। আশা রাখি এ ঘটনাও পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।

শেয়ার করুন