২৬ আগস্ট ২০২২


দুবাইয়ে যুবককে বন্দি রেখে মুক্তিপণ দাবি, আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ (৩৫) নামে মানবপাচারকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানাস্থ তরঙ্গ ৩/১, মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র।

বৃহস্পতিবার রাতে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার পুত্র দেলোয়ার হোসেনকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৯ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তির পর ভিকটিম দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন।

পরবর্তীতে পাচারকারীরা দেলোয়ারকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যাওয়ার পর সেখানে বন্দি করে রাখে। এরপর তার পরিবারের কাছে এই সংঘবদ্ধ চক্রটি আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপণ দাবি করে।

এই ঘটনায় ভিকটিমের স্ত্রী থানায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ ২৪/০৮/২২ইং) দায়ের করেন। এই মামলার পুলিশ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন