২৫ আগস্ট ২০২২


বালুচরে নিহত নারীর ‘কথিত’ স্বামী আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বালুচর এলাকায় তালাবদ্ধ বাসা থেকে আফিয়া বেগম (৩০) নামে নারীর গলিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা কুটিনা বেগম বাদী হয়ে মহানগরীর শাহপরাণ (র.) থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে এ মামলা (নং-২৭(০৮)’২২) দায়ের করেছেন। মামলায় সন্দেহভাজন হিসেবে নিহত নারীর কথিত স্বামী ইসমাইল নিয়াজ খানকে আটক করেছে পুলিশ। আটক ইসমাইল নিয়াজ খান বরইকান্দি এলাকার ইসমত খানের ছেলে।

বুধবার রাতে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

শাহপরাণ (র.) থানার ওসি সৈয়দ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত স্বামী ওমান প্রবাসী শোনা গেলেও ইসমাইল নিয়াজ খান প্রবাসে ছিলেন না। তার আরেকটি পরিবার রয়েছে। আফিয়া বেগমকে তিনি বিয়ে করেছেন বললেও তথ্য প্রমাণ মিলেনি। কেবল হুজুর ডেকে তাদের কবুল পড়ানো হয়েছিল, এরপর থেকে সংসার করে আসছিলেন তিনি। তবে নিহতের পিত্রালয়ের সন্দেহ তাকে নিয়ে। যে কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেননা, হত্যাকাণ্ড অন্য কাউকে দিয়েও ঘটানো হতে পারে। আফিয়া বেগমের আগে বিয়ে হয়েছিল। তার আগের স্বামীর নাম আশরাফ। তবে বর্তমান নিয়াজ খানের সঙ্গে বিয়ের বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে তালাবদ্ধ ঘরে নারীর বীভৎস মরদেহের পাশ থেকে তার আড়াই বছরের কন্যা সন্তানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আলৌকিকভাবে বেঁচে থাকা শিশুটি চিকিৎসার পর সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। তাকে তার নানি কুটিনা বেগমের জিম্মায় দেওয়া হয়েছে।

শেয়ার করুন