২৪ আগস্ট ২০২২


বালুচরে বিছানায় মায়ের গলিত লাশ, পাশেই পড়েছিল আড়াই বছরের মেয়ে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে তালাবদ্ধ বাসা থেকে আফিয়া বেগম (৩০) নামে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর মায়ের মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে তার আড়াই বছরের কন্যা শিশুকে। আফিয়া এক ওমান প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। তবে এখনো তার স্বামীর নাম জানাতে পারেনি পুলিশ। আফিয়া গোয়াইনঘাটের জাঙ্গাইল গ্রামের আজির উদ্দিন ও কুটিনা বেগম দম্পতির মেয়ে।

মঙ্গলবার মধ্যরাতে উত্তর বালুচর বাবর তপাদারের মালিকানাধীন ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলা ভবনের নিচতলার তালাবদ্ধ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহপরান (র.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসার মালিক খবর দেন যে নিচতলার ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই বাসার ভাড়াটিয়া ওমান প্রবাসীর স্ত্রীকেও ক’দিন ধরে দেখা যাচ্ছে না। এ খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে খাটের ওপর আফিয়ার মরদেহ দেখতে পাই। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই, শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছি। বাচ্চাটি এখনো জীবিত।

বাসার বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় দুই বছর আগে বাসা ভাড়া নিয়ে ওই নারী বসবাস করে আসছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে ওই নারীকে হত্যা করেছে। তার হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে। কিন্তু মরদেহ গলে গিয়ে ফুলে বীভৎস আকার ধারণ করেছে। ওই অবস্থায় শিশুটি না খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হা্সপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি।

তাছাড়া ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।

শেয়ার করুন