৪ আগস্ট ২০২২


নগরীতে ডলারের কারসাজি ঠেকাতে মাঠে বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল প্ল্যাটফর্মে ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সিলেটের মানি এক্সচেঞ্জগুলোতে কারসাজির অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে তদারকিমূলক অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ টিম।

বুধ ও বৃহস্পতিবার নগরীর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে- অভিযানের রিপোর্ট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাখিলের পর সত্যতা পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে বেশ কয়েকমাস ধরেই ডলারের বাজারে অস্থিরতা চলছে । এর ধারাবাহিকতায় গেলো সপ্তাহে দেশের খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকা বিক্রি হয়েছে। তাতে ডলারের বাজারে সংকট তরান্বিত হয়। এরপরেই নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক। খোলাবাজারে পরিদর্শন শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা। পরে ডলারের দাম কিছুটা কমেছে।

সিলেটে তদারিকমূলক বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম এহসান বলেন, আজ ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারিত মূল্য ১০২ টাকা। কিন্তু অভিযোগ রয়েছে- সিলেটে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের বাইরে অনেকে বেশী মূল্যে ডলার বিক্রি করছেন। এমন পরিস্থিতিতে সিলেটে বাংলাদেশ ব্যাংকের টিম অভিযান পরিচালনা করেছে। টিমের তদন্ত রিপোর্ট আমরা এখনও পাইনি। রিপোর্ট পাওয়ার পর কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটে ১৪টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, লাইসেন্সবিহীন অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান আছে কি-না, সেই তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়েও আমরা খোঁঁজ নিচ্ছি। থাকলে এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন