৩১ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবারো ধীরে ধীরে চোখ রাঙাচ্ছে করোনা। গত দুদিন ধরে টানা মৃত্যু ঘটছে প্রাণঘাতি এই ভাইরাসে। গত ২৪ ঘন্টায় আরো এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
শনিবার রাতে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বিভাগে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ ও মৌলভীবাজারে ২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এ পর্যন্ত বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ১ হাজার ২৪৫ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় ৯২৬, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৪৬৭ এবং করোনামুক্ত হয়েছেন ৬৫ হাজার ৭০৬ জন।