২৮ জুলাই ২০২২


বুলবুল খুনের ঘটনায় আরও ২ জনের স্বীকারোক্তি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার কামরুল ইসলাম (২৯) ও মো. হাসান (১৯)।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে ওই দুই আসামিকে হাজির করা হয়। এর আগে বুধবার একই আদালতে নিজের সম্পৃক্ততার কথা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন মামলার অপর আসামি মো. আবুল হোসেন (১৯)।

এসএমপির মুখপাত্র ও এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত অবস্থা জানিয়ে বুধবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তখন এ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি জানান পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।

গ্রেপ্তাররা হলেন- এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামের মো. আনিছ আলীর ছেলে মো. আবুল হোসেন (১৯), গোলাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৯) ও মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।

প্রসঙ্গত, হত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করেন শাবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম।

শেয়ার করুন