২৭ জুলাই ২০২২
ডেস্ক রিপোর্ট : বদর উদ্দিন আহমদ কামরান। তিনি সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। সিলেটের মানুষের কাছে তিনি জনতার কামরান নামেই পরিচিত ছিলেন। এখনো এ নাম রয়ে গেছে মানুষের হৃদয়ে। ২০২০ সালের ১৫ জুন তাঁর মৃত্যুর পর সিলেট নগর ভবনের সামনে ‘সিটি পয়েন্ট’ খ্যাত মোড়কে কামরান চত্বর করার দাবি ওঠে বিভিন্ন মহলে। এসময় সিদ্ধান্ত হয় এখানে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের। পরে মোড়ের সৌন্দর্যবর্ধন করে সিলেটের প্রতীকখ্যাত আলী আমজদের ঘড়িঘর ও বাসাবাড়ির আদি কাঠামোর আদলে তৈরি করা হয় নান্দনিক স্থাপনা।
স্থাপনাটি কামরান চত্ত্বর নামকরনের গুঞ্জন থাকলেও সবাইকে তাক লাগিয়ে ২০২০ সালের ২৬ জুলাই সেখানে ‘নগর চত্বর’ নামফলক দিয়ে স্থাপনা উন্মোচন করেন সিসিক করেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরদিন ২৭ জুলাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ‘নগর চত্বর’ নাম ফলকটি সরিয়ে সেখানে ‘জনতার কামরান চত্বর’ নামের সাইনবোর্ড সাটান।
তার একদিন পর ২৮ জুলাই সিসিক পরিষদের ভার্চ্যুয়াল সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি উত্থাপন করলে সবাই সম্মত হন। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তখন একটি কমিটি গঠন করা হয়।
দুই বছর পেরিয়ে আজ তিন বছরে পা দিয়েছে ‘জনতার কামরান চত্বর’। ইতিমধ্যে ২ বছর পেরিয়ে গেলেও কামরান চত্ত্বর নামে এখনো মিলেনি অনুমোদন। কমিটি গঠনের মাধ্যমেই দায় সারেন সংশ্লিষ্টরা বলে অভিমত সচেতন মহলে। ‘কামরান চত্ত্বর’ টি বার বার স্মৃতি বেদনায় কাতর করে কামরান প্রেমীদের।
এদিকে ‘সিটি পয়েন্ট’ খ্যাত এ চত্ত্বরে দৃষ্টিনন্দন ন্থাপনায় ‘জনতার কামরান চত্বর’ নামফলক সাটানো থাকলেও কোন অনুমোদন না হওয়ায় ক্ষোভের বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনসহ নগরবাসীর মধ্যে। দ্রুত জনতার কামরান চত্ত্বর নামে অনুমোদনের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, কামরান সাহেব ছিলেন সিসিকের সাবেক মেয়র। তিনি একজন সম্মানী ব্যক্তি। তবে এ নামে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে আমার জানা নেই। যদি সর্বস্মতিক্রমে প্রেরণ করা হয় সেটি ভালো। আশাকরি সংশ্লিষ্টরা সে ব্যাপারে পদক্ষেপ নিবেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে কোন অনুমোদন এখনো হয় নি। শুধু এই চত্ত্বর নয় আরও বেশ কিছু কাজ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে।