২১ জুলাই ২০২২


তীব্র গরমে অতিষ্ট জনজীবন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সারাদেশের ন্যায় সিলেটেও তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। সাধারণ শ্রমজীবী মানুষরা চরম বিপাকে পড়েছেন। কষ্ট ভোগ করছেন চাকরীজীবী, ব্যবসায়ীরা। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।

এদিকে, জেলায় কিছু কিছু স্থানে বৃষ্টি হলেও গরমের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। বৃষ্টিপাতও গরমের তাপমাত্রা কমাতে পারছে না। তপ্ত দুপুরের আগে সাধারণ মানুষ কাজ শেষ করে দ্রুত বাড়িতে ফিরছে। যে কারণে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাট ফাঁকা হয়ে পড়ছে। যানবাহন চলাচলও কমে যাচ্ছে।

তীব্র গরমের কারণে শিশু, বয়োবৃদ্ধরা সর্দি, কাশি রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা নিতে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে আক্রান্ত রোগীরা। চিকিৎসকরা রোগীর চিকিৎসা দিতে ব্যস্ত সময় পার করছেন। চিকিৎসকরা বিনা প্রয়োজনে এ গরমে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

শ্রমজীবী আব্দুল কাদির বলেন, এত গরম আগে পড়েনি। চলাফেরা খুবই কষ্টকর হয়ে উঠেছে। বেসরকারি চাকুরীজীবী আলম রহমান বলেন, এত গরম সহ্য করতে পারছি না। পরিবারের লোকজনও তীব্র গরমে অতিষ্ঠ।

এদিকে, সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন