১৬ জুলাই ২০২২


গোয়াইনঘাটে যুবক খুনের ঘটনায় প্রধান আসামিসহ আটক ১২

শেয়ার করুন

গোয়ানইঘাট প্রতিনিধি : গোয়ানইঘাটে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে গলা কেটে হত্যার পর তার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত মূল আসামিসহ ১২ জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

নৃশংস এ হত্যাকাণ্ডের শিকার আব্দুল কাদির (২৭) গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি ওই এলাকায় চার বছর আগে সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন।

শুক্রবার রাতে পূর্বের হত্যাকাণ্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেওয়া মূল আসামি লুৎফুরসহ ১২ জনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন, বেলায়েত হোসেন, কাজী কামাল, আব্দুন নুর, জসীম উদ্দীন, হাবিবুল্লাহ, মিসবাহ ও অলিউল্লাহ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন