১৬ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটে কয়েক দিন থেকে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বইছে তাপদাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে লোডশেডিং বাড়ায় মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। গরম থেকে স্বস্তি পেতে অনেকে হাতপাখায় শরীর জুড়িয়ে নিচ্ছেন। এ কারণে সিলেটের বিভিন্ন এলাকায় বেড়েছে হাতপাখা বিক্রি।
গত ৭ জুলাই থেকে সিলেটজুড়ে তীব্র তাপদাহ শুরু হয়। গরসে গায়ে ফুস্কা পড়া অবস্থায় মানুষসহ প্রাণীকূলের দমবন্ধ অবস্থা। প্রকৃতির এমন বৈরিতার মধ্যেই আসে পবিত্র ঈদুল আজহা। ১০ জুলাই ঈদের দিনে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির উপরে।
এরপর থেকেই প্রকৃতির বৈরিতা বাড়তে থাকে। দিনেদিনে তাপমাত্রা বাড়তে বাড়তে বৃহস্পতিবার গত ৬৬ বছরের রেকর্ড ভেঙে দেয়। তাপমাত্রা পৌঁছায় প্রায় ৩৯ ডিগ্রিতে। সেদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক দুই ডিগ্রি।
জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শুক্রবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে আরও দু-তিন দিন গরম অনুভূত হতে পারে।
শনিবার সিলেটের বিভিন্ন জায়গায় বাঁশের তৈরি হাতপাকা বিক্রি করতে দেখা যায়। গরম এলেই এই ব্যবসায় নেমে পড়েন অনেকে, অন্য সময় করেন। কয়েক দিন ধরে গরম পড়ায় হাতপাখার চাহিদা বেড়েছে কয়েক গুণ, এসব পাখা রিকশা, ভ্যান ও অটোরিকশার চালকেরাই বেশি কিনছেন।
পাখা কিনে ক্রেতা মমতাজ বেগম বলেন, ‘কয়েক দিন ধরে খুব গরম। এর মধ্যে আবার বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই একটি হাতপাখা কিনে নিলাম, যাতে বিদ্যুৎ সরবরাহ না থাকলেও নিজের শরীরে স্বস্তি দিতে পারি।’