১৬ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একদিনে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসা-বাড়ি দোকানসহ পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। এর মধ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের আগে বাড়ির মালিককে জবাই করে হত্যা করা হয়। জবাই করে হত্যার পর বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে সিলেটের গোয়াইনঘাটে। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার সময় সিলেটের কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উপজেলার ২নং পূর্ব ইসলামপুর এলাকার নতুন মেঘারগাও গ্রামে। এই ঘটনায় গ্রামের মৃত নান্নু মিয়ার পুত্র আলাল মিয়ার বসতঘর ও একটি ফার্মেসী এবং নগদ প্রায় ৪ লক্ষ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঘরে রক্ষিত বিভিন্ন ফার্নিচার পুরে ছাই হয়ে গেছে।
আলাল মিয়া জানান, আগুনের শব্দে ঘুম ভাঙ্গে। আগুনের লেলিহান কাণ্ড দেখে চারদিকে ছুটাছুটি শুরু করি। কোনো রকমে প্রাণ নিয়ে বাচলেও আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পরনের কাপড় ছাড়া কিছুই আর নেই আমার। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ, এখন আমি কেমনে কি করমু। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া ও ইউপি আলমগীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত আলালকে ঘর মেরামতের জন্য নগদ বিশ বছর টাকা ও দুই বান্ডিল টিন সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ বাজারে। পূর্বভাগ বাজারে জাহাঙ্গীর ও আনোয়ার নামে দুই ভাই দীর্ঘ দিন থেকে সেলুন ব্যবসা চালিয়ে আসছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন তারা। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পাশে থাকা আরেকটি দোকানেও আগুন লেগে যায়। আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে সব জ্বলে পুড়ে ছাঁই হয়ে যায়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফাহিম আহমেদ জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওইদিনে অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটে সিলেটের গোয়াইনইঘাটে। পূর্ব শত্রুতার জেরে সিলেটের গোয়াইনইঘাটে গ্রামবাসী এক যুবককে জবাই করে হত্যা করে এবং পেট্রোল ঢেলে যুবকের বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল কাদির (২৭)। তিনি উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রমের আব্দুল খালিকের ছেলে। সংঘর্ষের একপর্যায়ে গ্রামবাসী নিহত কাদিরের বসতঘর আগুন লাগিয়ে দিলে পুরো ঘর পুড়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়স্বজনদের। এনিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে।
থানার পরিদর্শক ( তদন্ত ) ওমর ফারুক জানান, নিহত যুবকের লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।