১১ জুলাই ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়েজের (২৩)। সে গোয়াইনঘাট উপজেলার ঘোড়া গ্রাম লামাই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
সোমবার দুপুর দেড়টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টার দিকে সিলেট- কোম্পানীগঞ্জ -ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার আরও ছয় যাত্রী।
এ ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন, মোটরসাইকেল আরোহী ফাহিম ও আরিফ। সিএনজি অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রোমান, নাঈম, জুয়েল ও চৌমুহনীবাজারের রাজু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন করতে দুটি মোটরসাইকেলে করে সাদা পাথর যাচ্ছিল ফয়েজসহ গোয়াইনঘাটের ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পৌঁছামাত্র বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় ফয়েজের গাড়ির। এতে ফয়েজসহ মোটরসাইকেলের অপর দুই বন্ধু ও সিএনজি অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। আহত ফয়েজ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।