৩ জুলাই ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেছে ১ হাজার ৩৬৮টি পুকুরের মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬৩ কোটি ৪০ লাখ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার ৩৬৮টি পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত পুকুরের আয়তন ১৬৬ হেক্টর। বন্যার পানিতে ১ হাজার ১৬২ মেট্রিক টন মাছ ও ৫ কোটি ৫০ লাখ মাছের পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মূল্য ২৯ কোটি ৫ লাখ টাকা, পোনার মূল্য ২৭ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন পুকুরের অবকাঠামোগত ক্ষতির পরিমান ৬ কোটি ৮৪ লাখ টাকা।
কথা হলে বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক মৎস্য চাষিরা জানান, দ্বিতীয় দফা বন্যায় পুকুরের সকল মাছ ভেসে যাওয়ায় অনেকেই এখন পথের বিকারী।চাষিদের মধ্যে অনেকেই ধার দেনা বা এনজিওদের কাছ থেকে ঋণ গ্রহন করে পুকুরে মাছ চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক ভাবে বন্যার পানিতে সব তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই সব মৎস্য চাষিরা।
শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যায় শান্তিগঞ্জ উপজেলায় মৎস্যখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। খামারিদের ক্ষয়ক্ষতির চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সংক্রান্ত কোনো বরাদ্দ এলে খামারিদের সহায়তা করা হবে।