২৫ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : পানি কমতে শুরু করেছে সুরমার। কুশিয়ারার পরিস্থিতিও উন্নতির দিকে। এদিকে পানি কমার সঙ্গ সঙ্গে ভেসে উঠছে রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। একইসঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ। গত কয়েক দিনের প্রখর রৌদ আর বৃষ্টিপাত না হওয়ায় সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি নদ-নদীর পানি কমছে। তবে এখনো জেলার অনেক এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি রয়েছে। এ ছাড়া হাওরাঞ্চলের বাজার ও বসতবাড়িতেও একই অবস্থা বিরাজ করছে। ফলে বানভাসিদের দুর্ভোগ বাড়ছে, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহর থেকে পানি কমলেও এখন দুর্গন্ধের কারণে চলাচল করা যাচ্ছে না। এ ময়লা আবর্জনাগুলো দ্রুত অপসারণ প্রয়োজন।
পানিবন্দী সিলেট ও সুনামগঞ্জের মানুষ জানান, বন্যার পানি কমলেও দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা আটকা পড়ে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। যত দ্রুত সম্ভব প্রতিটি এলাকায় পরিষ্কারের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন তারা।
অন্যদিকে শুক্রবার সকাল থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর উপশহর, যতরপুর, মেন্দিবাগ, ছড়ারপাড়সহ আরও বেশ কয়েকটি জায়গায় এখনো পানি রয়েছে। পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এদিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি ঘাট, ষোলগর, ময়না পয়েন্ট, জামাইপাড়া, মধ্য বাজার, সুরমা মার্কেট, আলফাত স্কয়ার পয়েন্ট, কালী বাড়ি, উত্তর আরপিন নগর, পুরাতন বাসস্ট্যান্ড, হাজীপাড়াসহ বিভিন্ন এলাকা ছাড়াও হাওরাঞ্চলে গ্রাম ও বাজারগুলোতে বন্যার পানি কমতেই দুর্গন্ধ ছড়ানোর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
তাহিরপুর সদর ইউনিয়নের বাজার ও বাজারের আশপাশের সড়কে ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া হাওর পাড়ের বসতবাড়িতে একই অবস্থা বিরাজ করছে বলে জানান উপজেলা সদর ইউনিয়ন বাজারের বাসিন্দা শ্যামল বর্মন।
পৌর শহরের ষোলগর এলাকার বাসিন্দা শরীফ মিয়া বলেন, শহর থেকে পানি কমলে কী হবে? আমাদের দুর্ভোগ একটুও কমেনি। ঘর থেকে বাইরে বের হওয়া যায় না দুর্গন্ধের কারণে।
পৌর শহরের হাসন নগর এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, ধীরে ধীরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে অসংখ্য বাড়িঘরে এখনও পানি রয়েছে। ক্রমেই বাড়ছে দুর্ভোগ। ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পরিবেশ নষ্ট হয়ে গেছে।
সিলেট সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী বলেন, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না নগরবাসীর।