২১ জুন ২০২২


নগরীতে কড়া নিরাপত্তা, পুরানপুল দিয়ে যাতায়াত বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেলিকপ্টারে সিলেট ও সুনামগঞ্জের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে দেখবেন। তাকে কেন্দ্র করেই সিলেট শহরে রয়েছে কড়া নিরাপত্তা। টহল দিচ্ছে পুলিশ, আর্মি ও র‌্যাব। বিশেষ করে পুরান পুলেরমুখ রয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে। এ ব্রিজ দিয়ে যানবাহন সহ সাধারণ মানুষের যাতায়াত বন্ধ রয়েছে।

মঙ্গলবার ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে নিরাপত্তবাহীর টহল।

ভোরে সরেজমিনে দেখা যায়, নগরীর কোর্ট পয়েন্ট, তালতলা,স্টেডিয়াম মার্কেট, পুলিশলাইন ও এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা। কিছু কিছু স্থানে যেতে যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের রয়েছে বিধিনিষেধ। এতে ভোগান্তিতে পড়েছেন পথ যাত্রীরা।

কোর্ট পয়েন্টে একজন সিএজি ড্রাইবারের সাথে কথা হলে তিনি জানান, চন্ডীপুল যেতে চাইলে পুরানপুল দিয়ে যাত্রী নিয়ে যেতে পারছেন না। কাজী বাজার হয়ে ঘুরে যেতে হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওয়ানা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপর সিলেট সার্কিট হাউসে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন সফরসূচি না এলেও প্রধানমন্ত্রী নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণশেষে আজ সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে গিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময়ের পর হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাবার কথা।

শেয়ার করুন