২০ জুন ২০২২


নবীগঞ্জে বন্যা দুর্গতদের পাশে জেলা প্রশাসক

শেয়ার করুন

মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন মানুষ। কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে । ইতোমধ্যে উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউপির বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে বর্তমানে ঐ এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জানা গেছে, এই এলাকার প্রতিটি গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে হাটু থেকে বুক পর্যন্ত পানি বিদ্যমান রয়েছে। দুর্ভোগে রয়েছেন এলাকার দুই হাজারের অধিক পানিবন্দি মানুষ। ফল এলাকার মানুষজন বিশেষ করে গবাদি পশু, গর্ভবতী মহিলা, শিশু, বৃদ্ধাদের নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

সরজমিন ঘুরে দেখা যায়, নতুন ভাবে উপজেলার আউশকান্দি ইউপিতে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ বিদ্যুৎ প্ল্যান্ট “সামিট বিবিয়ানা” এলাকাধীন পারকুলে সড়ক উপচে কুশিয়ারা নদীর পানি হু-হু করে ঢুকছে। ফলে পারকুলের বেশিরভাগ ঘরবাড়িতে হানা দিয়েছে বন্যা। হুমকির মুখে রয়েছে বিদ্যুৎ প্ল্যান্ট সহ আশপাশ এলাকাবাসী।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে কুশিয়ারা নদীর পানিতে প্লাবিত হয়ে পারকুল ও পাহাড়পুর এলাকার প্রায় ৫শতাধিক মানুষ পানিবন্দি রয়েছেন। তবে পারকুলের পানি নিয়ন্ত্রণে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান।

ফলে পারকুলে সড়ক ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাই সংশ্লিষ্টদের যথাসময়ে বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় নতুন নতুন এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজমান রয়েছে।

এদিকে সোমবার বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর ও মতিউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।

সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে যথাযথ বিতরণে দিক নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসন থেকে জানানো হয়- এ পর্যন্ত নবীগঞ্জের ১,২,৩,৪,৫,৬, ৮ নং ইউপি তে খাদ্য সহায়তা বরাদ্দ ও দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ প্রমূখ।

শেয়ার করুন